
শিলিগুড়ি, ৩১ ডিসেম্বর : কলকাতার পর এবার শিলিগুড়িতেও নিষিদ্ধ করা হল হুক্কা বার। বর্ষবরণের আগে এমন নির্দেশিকা জারি হওয়ায় মাথায় হাত পাব মালিকদের।
শিলিগুড়ি শহরে কয়েক বছর ধরে হুক্কা বারের উৎপত্তি হয়েছে। হুক্কা বারের আড়ালে মাদক বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ির সেবক রোড, মাটিগাড়ায় থাকা পাবগুলিতে হুক্কা বার গড়ে উঠেছে। এমনকী বহু রেস্তোরাঁতেও হুক্কা বারের লাইসেন্স রয়েছে। এই হুক্কাবারে তরুণ প্রজন্মের ভিড় বাড়ছে। কয়েক বছর আগে অভিযোগ পেয়ে একটি হুক্কা বারে অভিযান চালিয়েছিল ভক্তিনগর থানা। হুক্কা বারের কয়েকজনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় হুক্কা পট ও হুক্কায় ব্যবহৃত সমস্ত সামগ্রী৷ মেয়র গৌতম দেবও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই অবস্থায় কলকাতা, বিধানগরের পথে হেঁটে এবার হুক্কা বার নিষিদ্ধ করা হল শিলিগুড়িতে । বর্ষবরণের আগে শহরে হুক্কা বার বন্ধে তৎপর প্রশাসন। ইতিমধ্যেই পুলিশের তরফে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার ২৫টি জায়গায় হুক্কা বার বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। শহরের পাব, বার ও ক্লাবগুলিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যদি নির্দেশিকা অমান্য করে কোথাও হুক্কা ব্যবহার করা হয়, তাহলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্ষবরণের আগে এমন নির্দেশিকা জারি হওয়ায় মাথায় হাত পাব মালিকদের। এনিয়ে পুলিশের দ্বারস্থ হন পাব মালিকদের একাংশ। তবে কারও কথায় আমল দেয়নি প্রশাসন।
