
কলকাতা, ৫ ডিসেম্বর : “রাষ্ট্রদ্রোহের নামে যার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, তা নাগরিক জীবনে দূরগামী প্রভাব ফেলতে পারে।“ মঙ্গলবার বিধানসভা অধিবেশনে এই মন্তব্য করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
বর্তমান দণ্ড সংহিতা বদলে দিয়ে দেশে নতুন ন্যায় সংহিতা প্রণয়ন করতে চাইছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। এ ব্যাপারে রাজ্যগুলির মতামতও চাওয়া হয়েছে। এ ব্যাপারে এদিন বিধানসভায় বিতর্কে অংশ নিয়ে পুরমন্ত্রী বোঝাতে চান, কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে তাঁদের সংশয় রয়েছে।
পুরমন্ত্রী আরও বলেন, “বর্তমান সরকার ধারাবাহিক ভাবে ইতিহাসকে বিকৃত করছে। কিন্তু কয়েকটা নাম বদলে দিয়ে ইতিহাস বদলানো যায় না। মোঘলসরাই স্টেশনের নাম বদলে দিয়ে ইতিহাসকে পাল্টানো যায়না। এ ভাবে ভারতের ইতিহাস থেকে মোঘল আমলকে মুছে দিতে পারবেন না”।
