West Bengal

2 years ago

Voter List: জেলায় জেলায় ভোটার তালিকা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার কাজ শুরু

The work of looking into matters related to voter list in the district has started
The work of looking into matters related to voter list in the district has started

 

কলকাতা, ১৮ জুলাই: মঙ্গলবার থেকেই জেলায় জেলায় ভোটার তালিকা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু হল। প্রথমে উত্তরবঙ্গে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এরপর ধাপে ধাপে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলির ভোটার তালিকার কাজ নিয়ে বৈঠক করবেন তিনি। ডিসেম্বর মাস থেকেই এই তথ্য নির্বাচন কমিশনার অফিসে যাবে বলেই জানা যাচ্ছে।

পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই লোকসভা ভোটের এই প্রস্তুতি শুরু। খুব তাড়াতাড়ি রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। নেতৃত্বে বাংলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার নীতেশ ব্যাস।

এবারের পঞ্চায়েত ভোটে বোমা উদ্ধার, গুলি, মৃত্যু, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব কিছুই খতিয়ে দেখবে জাতীয় নির্বাচন কমিশন। আগস্টের শেষে কমিশনের ফুল বেঞ্চের আসার সম্ভাবনা রয়েছে। আগাম প্রস্তুতি শুরু করেছে রাজ্যও। ২২ জুলাই সমস্ত জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ইভিএমের প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হবে অগাস্টের প্রথম সপ্তাহে।

ভোট প্রস্তুতিতে খামতি না থাকলে এত রক্তক্ষয় হত না বলে মনে করছেন বিরোধীরা। তড়িঘড়ি মাত্র এক দফায় পঞ্চায়েত ভোটের ঘোষণা থেকে শুরু করে দিকে দিকে মনোনয়নে বিরোধীদের বাধাপ্রাপ্ত হওয়া কিংবা কেন্দ্রীয় বাহিনীর আসা বন্ধ করতে আদালতে আদালতে ঘোরা আর সবশেষে পঞ্চায়েত ভোটে মৃত্যুমিছিল। এসবের জেরে বার বার প্রশ্নের মুখে পড়েছে, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা। জল গড়িয়েছে আদালত পর্যন্ত।


You might also like!