
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত ভোট কে মাথায় রেখে গত ৪ মে মালদা সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই সফরেই প্রশাসনিক বৈঠকে আম থেকে বিভিন্ন স্বাদের মিষ্টি তৈরি করা নিয়ে আলোচনা করেছিলেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই কাজ শুরু হয়ে গিয়েছে ।আম নির্ভর এবং আমের স্বাদ ভিত্তিক ১২ থেকে ১৪ রকমের মিষ্টি উৎপাদন করে প্রশাসনের কাছে দিয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স।
বুধবার এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, জেলা মিষ্টি ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসনের আলোচনায় হয়। সেখানেই আমের ফ্লেভার মেশানো রসকদম্ব, সন্দেশ, চমচম সহ প্রায় ১২ রকমের মিষ্টি পেশ করেন মালদার মিষ্টান্ন ব্যবসায়ীরা।মালদার মিষ্টি ব্যবসায়ীদের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে জেলাশাসক নীতিন সিংহানিয়া।
উল্লেখ্য, ছানার সঙ্গে আমের ফ্লেভার মেশানো মিষ্টির স্বাদ চেখেও দেখেছেন প্রশাসনের কর্তারা। অপূর্ব রসালো সুস্বাদু এই আমের এই মিষ্টি যে মালদা তথা পশ্চিমবঙ্গের অন্যান্য বাজার আরও বেশি করে ধরতে পারবে তা নিয়েও আশাবাদী প্রশাসনের কর্তারা।
মালদার মিষ্টি ব্যবসায়ী সমিতির সদস্য বিভাস সরকার বলেন- ‘বণিক মহল এবং প্রশাসনের কথামতো প্রথম দফায় ১২ থেকে ১৪ রকমের মিষ্টি আমরা আম নির্ভর করার উদ্যোগ নিয়েছি। তার কিছুনজির জেলা প্রশাসনের কর্তাদের কাছে পেশ করেছি। আগামিতে এই আম নির্ভর মিষ্টি বেশি করে করা হবে। আশা করছি এতে মিষ্টি ব্যবসায়ীদের অনেকটাই লাভ হবে।’
