
কলকাতা, ৯ সেপ্টেম্বর : ''আমি যা করেছি তাতে খুশি। আজ মধ্যরাত অবধি অপেক্ষা করুন। বুঝতে পারবেন পদক্ষেপ কাকে বলে।'' শনিবার সাংবাদিকদের কাছে এই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
শুক্রবার বিকাশ ভবনে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠকের পর উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালকে ''মহম্মদ বিন তুঘলক'' বলে কটাক্ষ করেন ব্রাত্য। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে শিক্ষামন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে মুখ খুলে ব্রাত্যর উদ্দেশে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যপাল। শনিবার শিক্ষামন্ত্রীর মন্তব্য নিয়ে রাজ্যপালকে প্রশ্ন করা হলে তিনি ওপরের মন্তব্যটি করেন।
রাজ্যপাল আরও বলেন, ''উপাচার্য না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের পডুয়াদের অসুবিধা হচ্ছিল। কোনও শংসাপত্র ইস্যু হচ্ছিল না। এটা জানার পরই তড়িঘড়ি উপাচার্য নিয়োগ নিয়ে পদক্ষেপ করা হয়। আচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা চাইলে যে কোনও বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমি উপাচার্য না থাকার বিষয়টি নিয়ে চিন্তিত। কে অখুশি হল, সেই নিয়ে ভাবছি না।''
