কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষে চলল গুলি। ঘটনাটি ঘটেছে রহড়া থানার অন্তর্গত খড়দহ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের টিটাগড় জিসি রোড এলাকায়। শেখ ইউসুফ নামে এক যুবকের পায়ে গুলি লাগে বলে খবর। ঘটনার পর থেকে গুলিবিদ্ধ যুবকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি তনয় চট্টোপাধ্যায়।পাশাপাশি রহড়া থানা ও টিটাগড় থানার পুলিশ বাহিনীও আসে ঘটনাস্থলে। কী কারণে এই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ, তা খতিয়ে দেখছে বারাকপুর পুলিশ কমিশনারেট।
সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। তবে টিটাগর ডিসি রোড এলাকায় এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। মাঝেমধ্যেই এখানে এ ধরনের ঘটনা শুনতে পাওয়া যায় বলে স্থানীয়দের অভিযোগ। এই ধরনের ঘটনার রুখতে ব্যারাকপুর কমিশনারেট এলাকার থানাগুলোকে আলাদা করা হয় এবং এই অঞ্চল রহড়া থানার অন্তর্ভুক্ত হয়। কিন্তু তারপরেও কোনওভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। প্রায়শই এরকম ঘটনা ঘটে।
ঘটনা সম্পর্কে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ তনয় চট্টোপাধ্যায় জানান, তাঁরা তদন্ত শুরু করেছেন। এখনই কিছু বলা যাবে না। তদন্তের পরই জানা যাবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।
