West Bengal

3 years ago

144 in Kaliaganj: থমথমে কালিয়াগঞ্জে আরও একদিন বাড়ল ১৪৪ ধারা

144 in Kaliaganj (Syblolic Picture)
144 in Kaliaganj (Syblolic Picture)

 

কালিয়াগঞ্জ, ৩০ এপ্রিল  : এক সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তপ্ত কালিয়াগঞ্জের পরিস্থিতি। সেদিকেই নজর রেখে এবার আরও একদিন ১৪৪ ধারা জারি রাখল প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষার্থে গত ২৬ এপ্রিল কালিয়াগঞ্জ পুরসভার ৪, ৫, ৬ এবং ১১ নম্বর ওয়ার্ডে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। আগামীকাল অর্থাৎ সোমবার পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে বলে রবিবার পুলিশের তরফে জানানো হয়। এই সময়ে জমায়েত, মাইক, লাউড স্পিকার বাজানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত শুক্রবার কালিয়াগঞ্জের প্রত্যন্ত গ্রামের পুকুরপাড় থেকে এক কিশোরীর দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে পথে নামেন স্থানীয় বাসিন্দা। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। পুলিশের সঙ্গে চলে খণ্ডযুদ্ধ। এমনকি, মঙ্গলবার ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে কালিয়াগঞ্জে। থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। থানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকি, পুলিশের ওপর হামলা চালানোরও অভিযোগ ওঠে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। ঘটনায় জড়িতদের ধরতে গিয়ে রাধিকাপুর অঞ্চলের মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে কালিয়াগঞ্জ থানার এক পুলিশকর্মীর বিরুদ্ধে। পরপর ঘটে যাওয়া একাধিক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কালিয়াগঞ্জের সাধারণ মানুষ। গত কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রেখে এবার আরও একদিন ১৪৪ ধারা জারি রাখল প্রশাসন।

You might also like!