West Bengal

2 years ago

Saayoni Ghosh:'সহযোগিতার জন্য' ৫৩০ পাতার মতো নথি ই ডি-কে পাঠালেন সায়নী

Saayoni sends 530-page document to ED for 'cooperation'
Saayoni sends 530-page document to ED for 'cooperation'

 

কলকাতা, ৫ জুলাই : এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে বুধবার হাজিরা দিলেন না সায়নী ঘোষ। ই-মেল করে সে কথা জানিয়ে দিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী। পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ত থাকবেন বলেই আপাতত তিনি হাজিরায় সাড়া দিতে পারছেন না বলেও উল্লেখ করেছেন বলেই খবর। কিন্তু ‘সহযোগিতার জন্য’ ৫৩০ পাতার মতো নথি ই ডি-কে পাঠিয়েছেন তৃণমূল যুবনেত্রী ।

সায়নীর ইডি দফতরে দ্বিতীয় বার হাজির হওয়া নিয়ে বিভ্রান্তি দেখা দেয় বুধবার। সিজিও কমপ্লেক্সে সায়নী হাজিরা দিচ্ছেন না বলে জানান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল জানান, সায়নী এখন ভোটের কাজে ব্যস্ত। ভোট মিটলে সায়নী ইডি দফতরে যাবেন বলে দাবি করেন কুণাল।

কুণাল বলেন, যেতে না পারার কারণ জানিয়ে সায়নী ইতিমধ্যেই চিঠি দিয়েছেন ইডিকে। যদিও ইডি সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত তারা এমন কোনও চিঠি হাতে পায়নি। অন্য দিকে, সায়নীর সঙ্গে আগের দিন যিনি সিজিও কমপ্লেক্সে এসেছিলেন, সেই সঙ্গী জানান, সায়নী ইডি দফতরে যথা সময়েই হাজিরা দেবেন।

ঘটনাচক্রে, সকাল সাড়ে ৬টা নাগাদ গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে সায়নীকে বেরোতে দেখা যায় বলে একটি সূত্রের খবর। সায়নীর সিজিও-তে যাওয়া বিপরীতমুখী দুই বক্তব্য পাওয়া যাওয়ায়, যে প্রশ্নটা উঠছে, তা হল কোথায় গেলেন তৃণমূলের যুবনেত্রী?

বুধবার কুণাল বলেন, “আমি যে টুকু জানি, আজ (বুধবার) সায়নী পূর্ব বর্ধমানের গলসির দিকে প্রচারে যাচ্ছেন। তদন্তকারী সংস্থাকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন, ভোটের পর যে দিন ইডি ডাকবে, তিনি নিশ্চিতভাবে সহযোগিতা করবেন।” কুণাল এ-ও জানান, তদন্তে সহযোগিতা করার জন্য ৫৩০ পাতার মতো নথি তদন্তকারীদের পাঠিয়ে দিয়েছেন সায়নী।

গত শুক্রবার সাড়ে ১১ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকে বেরোন যুব তৃণমূল নেত্রী সায়নী। সাংবাদিকদের সামনে তিনি জানান, তদন্তে একশো শতাংশ সহযোগিতা করেছেন। আগামী দিনে তদন্তকারী সংস্থা আবার তাঁকে তলব করলে তিনি আসবেন বলেও জানান। তদন্তের প্রয়োজনে ১১ কেন, ২৪ ঘণ্টা তিনি ইডি দফতরে থাকতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন সায়নী।

You might also like!