
দাসপুর, ২০ ফেব্রুয়ারি : পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবোঝাই বাস! ডাম্পারের ধাক্কায় উল্টে গেল যাত্রীবাহী বাসটি। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে দাসপুর থানার অন্তর্গত চাঁদপুর এলাকায়। এই দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাসটি দাসপুর থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সেই সময় পেট্রল পাম্প থেকে মূল রাস্তায় ওঠার সময় একটি ডাম্পার ধাক্কা মেরে দেয় বাসটিতে। ডাম্পারের ধাক্কায় যাত্রী সমেত বাসটি উল্টে যায়। স্থানীয় মানুষরা আহত যাত্রীদের উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার জেরে ওই এলাকায় দীর্ঘ সময়ের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
