
আসানসোল, ২৬ ডিসেম্বর : শনিবারের পর সোমবার। মাত্র দু’দিনের ব্যবধানে আসানসোল কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রাণহানির ঘটনায় ফের জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালিকে জেরা। সোমবার সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ দুই এসিপি, মহিলা থানার ওসি, উত্তর থানার ওসি, গোয়েন্দা বিভাগের দুই অফিসার-সহ মোট সাতজন পুলিশ আধিকারিক ও দুই ভিডিওগ্রাফার জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে ঢোকেন। সূত্রের খবর, দীর্ঘ সময় জেরা করা হয় চৈতালিকে।
প্রসঙ্গত, এর আগে জিতেন্দ্র অভিযোগ করেন, “জেরা করার নামে চৈতালি তিওয়ারিকে মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। আর এটা পুলিশ করেছে তৃণমূলকে খুশি করতে।” প্রাক্তন মেয়রের আরও দাবি, “কলকাতা হাই কোর্ট একমাত্র এই মামলার তদন্তকারী অফিসার বা আইওকে জেরা করার কথা বলেছিল। কিন্তু সাতজন অফিসার আমার ঘরে চৈতালিকে জেরা করেছেন। যা হওয়া অনুচিত। হাই কোর্ট ২ ঘন্টা জেরা করার কথা বলেছিল। তা বলে ২ ঘন্টা জেরা করতেই হবে? কম সময় একটু করা যেত না? একজন মহিলাকে এইভাবে জেরা করা যায়? চৈতালি তিওয়ারি তো ক্রিমিনাল নয়।” জিতেন্দ্র জানান, সেদিনের জেরার পরে চৈতালি তিওয়ারি অসুস্থ হয়ে পড়েন।
