
পূর্ব মেদিনীপুর, ৫ মে : চণ্ডীপুরে এক সাইকেল আরোহীকে পিষে মারার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতের ওই ঘটনার পর দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।বিক্ষোভকারীদের একাংশ বলেন, "আমরা শুভেন্দু অধিকারীর গ্রেফতার চাই ৷ তাঁকে গ্রেফতার না-করা পর্যন্ত আমরা শবদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাব।"
শেষমেশ স্থানীয়দের বুঝিয়ে মধ্যরাতে তোলা হয় অবরোধ। এই পরিস্থিতির জেরে চরম ভোগান্তির শিকার হন দিঘাগামী পর্যটকেরা। পথদুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যুর পর প্রায় ৩ ঘণ্টা ধরে জাতীয় সড়কে অবরোধ চলে। টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। শেষমেশ রাত সাড়ে ১২টা নাগাদ ওঠে অবরোধ। যার জেরে প্রবল যানজট তৈরি হয় এলাকায়। চণ্ডীপুরের আশপাশে দিঘা যাওয়ার বিকল্প কোনও সড়ক না থাকায় দাঁড়িয়ে যায় দিঘাগামী পর্যটকদের গাড়িগুলি। দিঘা থেকে ফেরত আসা পর্যটকদের গাড়িগুলিও একই রকম ভাবে বিপাকে পড়ে।
পুলিশ জানিয়েছে, অবরোধ উঠে যাওয়ার পরেও এলাকা যানজটমুক্ত করতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল। তবে বিরোধী দলনেতার দফতর সূত্রে দাবি, যে গাড়িটির বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ উঠেছে, সেটি বুলেটপ্রুফ গাড়ি। সেই কারণেই সাধারণ গাড়ির তুলনায় সেটি বেশি ভারী। এ ছাড়াও ওই গাড়িটি শুভেন্দুর কনভয়ের থেকে অন্তত দুই থেকে আড়াই কিলোমিটার দূরত্ব বজায় রেখে চলে। গাড়িটি তুলনামূলক ভারী বলেই দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি শুভেন্দু নিজে। শুক্রবারও সেখানে পুলিশি নজরদারি রয়েছে।
