
বর্ধমান, ৫ জানুয়ারি : সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রীবোঝাই বাস। ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। বৃহস্পতিবার সকালে কেতুগ্রামের বারান্দা গ্রামের ঘটনা। জখমদের ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে
জানা গিয়েছে, এদিন সকালে কাটোয়া থেকে একটি বাস যাচ্ছিল বীরভূমের কিন্নাহারের দিকে। কেতুগ্রামের বারান্দা গ্রামের কাছে বাসের সামনে চাকা ফেটে গেলে বিপত্তি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি কংক্রিটের দেয়ালে। তারপর বাসটি আস্তে আস্তে গড়িয়ে পড়ে নয়ানজুলিতে। চালকের তৎপরতায় যাত্রীরা অল্প আঘাত পেলেও কেউ গুরুতর জখম হননি। আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে।
