
ক্যানিং, ৯ ডিসেম্বর : আগে আসলে আগে চেকআপ, তাই শীতের রাতে খোলা আকাশের নিচেই কোনও মতে মাথাগুঁজে লাইন দিতে হচ্ছে পরিবারের সদস্যদের। ক্যানিং মহকুমা হাসপাতালে প্রসূতি মায়েদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য প্রতি ইংরেজি মাসের ৯ তারিখ নির্ধারিত থাকে। ওই নির্দিষ্ট দিনেই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে প্রসূতি মায়েরা আসেন তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য। এর পাশাপাশি ওই দিন তাঁদের হাসপাতালের তরফ থেকে পুষ্টিকর খাবার দেওয়া হয়। প্রতি মাসের নির্দিষ্ট দিনে প্রায় এক থেকে দেড়শো গর্ভবতী মহিলা এই সুযোগ পান। কিন্তু প্রতিবারই বহু প্রসূতি মাকে সেই সুযোগ না পাওয়ার জন্য ফিরে যেতে হয়। আর সেই কারণে এই শীতের রাত উপেক্ষা করেও হাসপাতাল চত্বরে লাইন দিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা যাতে এই সরকারি সুযোগ তাঁরা পেতে পারেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে আসা পরিবারের লোকজন চাইছেন যারা লাইনে দাঁড়াবেন তাঁদের সবাইকেই যেন কুপন দেওয়া হোক। তাহলে এইভাবে খোলা আকাশের নিচে শীতের রাতে রাত্রি যাপন করতে হয় না। কারণ ক্যানিং মহকুমা হাসপাতালে রোগীর পরিজনদের থাকার কোন ব্যবস্থাই নেই।
