
হাওড়া, ১৬ ফেব্রুয়ারি : প্রয়াত হয়েছেন হাওড়ার শিবপুরের প্রাক্তন বিধাক জটু লাহিড়ি। বৃহস্পতিবার সকালে শিবপুরের অম্বিকা কুণ্ডু বাই লেনে নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রের খবর, জটু লাহিড়ী বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। জটুর মৃত্যুতে শোকগ্রস্ত রাজনৈতিক মহল। মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, ‘‘তিনি দীর্ঘ দিন আমাদের কর্মী ছিলেন। একসঙ্গে আমরা বহু লড়াই করেছি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।"
১৯৩৬ সালের ২৮ এপ্রিল জন্ম হয়েছিল জটুর। কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু হয় তাঁর। শিবপুর কেন্দ্রে প্রথম বার তিনি প্রার্থী হয়েছিলেন ১৯৯১ সালে। ওই কেন্দ্র থেকে বিধায়ক হন তিনি। ১৯৯৬ সালেও ওই কেন্দ্র থেকে জয়ী হন তিনি। এর মাঝে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর কংগ্রেস থেকে জোড়াফুল শিবিরে যোগ দেন জটু। ২০০১ সালেও বিধানসভা ভোটে জিতেছিলেন জটু। তবে ২০১১ সালে হেরে যান তিনি। কিন্তু ২০১৬ সালে আবার বিধায়ক হিসাবে ফিরে আসেন জটু।
পাঁচ বার শিবপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। ২০২১ সালে তৃণমূল ছেড়ে জটু যোগ দিয়েছিলেন বিজেপিতে। শিবপুর কেন্দ্রে প্রার্থীও হন তিনি। যদিও পাঁচ বারের জেতা কেন্দ্র জটুকে ফিরিয়ে দিয়েছিল গত বিধানসভা ভোটে। এর পর থেকে রাজনীতি থেকে কিছুটা দূরেই চলে যান ওই বর্ষীয়ান নেতা।
