West Bengal

3 years ago

TMC MLA Tapas Saha took a vow of silence : বক্তব্য বিকৃত করা হচ্ছে অভিযোগ এনে মৌনব্রত নিলেন তৃণমূল বিধায়ক তাপস সাহা

TMC MLA Tapas Saha
TMC MLA Tapas Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর বিধায়ক তাপস সাহা বাড়িতে দীর্ঘ ১৫ ঘন্টার তল্লাশি চালিয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিদায়ের পর ইদ উপলক্ষে ভুরিভোজ পর্ব মেটার পর সংবাদমাধ্যমের উপর কার্যত ‘অভিমানী’ হয়ে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা জানিয়ে দিলেন, তিনি আর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন না। পরবর্তীতে এ বিষয়ে যা বলার তা বলবেন দলের ঊর্ধ্বতন নেতৃত্ব। 

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, কর্মী। তাঁদের সূত্র ধরেই উঠে এসেছে বেশ কয়েকজন বিধায়কের নাম, তেমনই একজন হলেন তাপস সাহা। উল্লেখ্য, গত সপ্তাহে তাঁর বাড়ি, অফিস দীর্ঘ ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। তল্লাশি চলে তাঁর ঘনিষ্ঠদের ডেরায়ও। বিধায়কের আপ্তসহায়ক প্রবীর কয়ালের বাড়িতেও সূত্রের খোঁজে যান সিবিআই আধিকারিকরা। যদিও তাপস সাহা কিংবা তাঁর ঘনিষ্ঠ কাউকেই এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি সিবিআই। তাপস সাহা দাবি করেছিলেন, তাঁর সঙ্গে ষড়যন্ত্র চলছে বলে মনে করছে সিবিআইও। কেন্দ্রীয় তদন্তকারীরা চলে যেতেই রান্নাবান্না করে জমিয়ে খাওয়াদাওয়া হয়েছিল বিধায়কের বাড়িতে। তা নিয়ে সাফাইও দেন তিনি। তবে এবার এসব নিয়ে সংবাদমাধ্যমে আর মুখ খুলতে চাইছেন না তেহট্টের তৃণমূল বিধায়ক, তিনি অভিযোগের সুরে জানিয়েছেন, তাঁর কথাকে বিভিন্ন সংবাদমাধ্যম বিকৃত করা হচ্ছে, তাই আর সংবাদমাধ্যমের সাথে কথা বলবেন না। যা বলার তা বলবে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব। 


You might also like!