West Bengal

3 years ago

CPIM: পঞ্চায়েত ভোট প্রস্তুতির মাঝে সতর্কে পথ চলার বার্তা দলের

cpim
cpim

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিয়রে পঞ্চায়েত ভোট। তার আগে মঙ্গলবার থেকে আলিমুদ্দিন স্ট্রিটে শুরু হয়েছে সিপিএমের দু'দিনের রাজ্যকমিটির বৈঠক। পঞ্চায়েত ভোটকে ফোকাসে রেখে রণকৌশল স্থির করতে শুরু করে দিয়েছে সিপিআইএম শিবির। সেই দিকে নজর দিয়ে নিচু তলায় আইএসএফ, কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে প্রস্তুতি, প্রার্থী তালিকা তৈরি ইত্যাদিতে স্ট্র্যাটেজি পোক্ত করতে শুরু করেছে লাল শিবির। তবে সিপিআইএমের মাথাব্যথা গেরুয়া শিবিরের স্ট্র্যাটেজি নিয়ে। বাম শিবিরের উদ্বেগ, গেরুয়া শিবিরের নানান আছিলায় গ্রাম বাংলা জুড়ে বিভাজনের রাজনীতিতে সক্রিয় হতে পারে কি না, তা নিয়ে।

বিভিন্ন জেলায় বাম কর্মসূচি কিম্বা মিছিল, জনসভায় ভিড় বাড়ার ট্রেন্ড ইতিমধ্যেই দেখা যাচ্ছে রাজ্যে। অপরাধ, দুর্নীতি ইস্যুতে বাম শিবির তৃণমূলের দিকে আঙুল তুলে রাজনৈতিক পিচও খানিকটা শক্ত করার চেষ্টায়। এদিকে, তৃণমূল বিরোধিতায় গেরুয়া শিবিরও বহু কৌশল সঙ্গে নিয়েছে। তবে সিপিআইএম একটি বিষয়ে সতর্কতার পথ ধরেছে, তা হল, শাসক বিরোধী রণনীতিতে সংঘের সংস্পর্শ থেকে দূরে থাকার নীতি। এদিকে, আলিমুদ্দিনের হাইভোল্টেজ বৈঠকে যোগ দিয়ে পঞ্চায়েত ভোটের পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনায় রয়েছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু সমেত তাবড় নেতারা। খতিয়ে দেখা হচ্ছে, পঞ্চায়েতের প্রার্থীতালিকার নানান দিক। সূত্রের দাবি, জেলাওয়াড়ি তালিকায় পঞ্চায়েত ভোটের প্রার্থী তালিকার নিরিখে কোথাও পঞ্চাশ থেকে ষাট শতাংশ কোথাও বা সত্তর শতাংশ বাছাইয়ের পর্ব হয়ে গিয়েছে। 

দিকে দিকে, বাম নেতারা শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে বাম সমর্থন একাট্টা করতে শুরু করে দিয়েছেন। সমবায় সমেত একাধিক নির্বাচনে ফলাফলও আশাব্যাঞ্জক হয়েছে কিছু ক্ষেত্রে। জেলা ও ব্লকে ব্লকে, বাম কর্মসূচিতে সমর্থনও নেহাত কম নয়। তবে নিচুতলায় শাসক বিরোধী রব তুলে বাম মঞ্চ চোয়াল শক্ত করলেও, সেখানে আরএসএস বেশ সক্রিয় হয়ে কাজ করছে বলে বহু বাম নেতারাই প্রসঙ্গ উত্থাপন করেছেন। বহু তৃণমূল স্তরে ধর্মীয় ভাবাবেগকে সঙ্গে নিয়ে গেরুয়া শিবিরও নানান কৌশলে তাদের শক্তি বাড়িয়ে নিতে তৎপর। আর এই আরএসএসএর তৎপরতাই উদ্বেগ বাড়িয়েছে সিপিআইএমের থিঙ্কট্যাঙ্কের। ‘সংঘকে কৌশলে মোকাবিলা’ করার বিষয়টিকে ফোকাসে নিয়ে আগামীর পথ চলার স্ট্র্যাটেজির বুনোট তৈরি করছে সিপিআইএম। 


You might also like!