
কলকাতা ১৪ এপ্রিল : বীরভূমে বিজেপির কর্মসূচিতে যোগ দিতে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ গেরুয়া শিবিরের এই হেভিওয়েট নেতার কর্মসূচিকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অপরূপা পোদ্দার ৷ অমিত শাহের সঙ্গে তিনি নিশানা করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও৷
শুক্রবার বীরভূমে বিজেপির কার্যালয় উদ্বোধন করতে আসেন অমিত শাহ৷ তাই দলের রাজ্যস্তরের প্রায় ছোট-বড় সব নেতাই এদিন বীরভূমে ৷ বিজেপির এই কর্মসূচিকেই কটাক্ষ করেছেন অপরূপা৷ এই নিয়ে শুক্রবার একটি টুইট করেন তিনি। সেই টুইটে অবশ্য কোথাও তিনি বিজেপি, অমিত শাহ বা শুভেন্দু অধিকারীর নাম করেননি ৷ কিন্তু তিনি যা লিখেছেন, তা থেকেই স্পষ্ট যে কাদের নিশানা করতে চেয়েছেন
টুইটে তিনি রাজ্যের তাপমাত্রার বৃদ্ধির প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘‘রাজ্য সরকারের নির্দেশ জারি করা হয়েছে, আপনারা কীভাবে চৈত্র-বৈশাখ মাসে তুমুল গরমের (লু) থেকে সাবধানে থাকবেন।’’ এর পরই কটাক্ষ করে লিখেছেন, ‘‘কিন্তু মেদিনীপুরের ভাইপো দিল্লি কাকাকে ডেকে বহিরাগত লোকদের জোগাড় করে সিউড়িতে মিটিং করে বাংলাকে আরও গরম করার চেষ্টা করবেন ।’’
বিজেপির সভা হচ্ছে বীরভূমের সিউড়িতে৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেদিনীপুরের বাসিন্দা৷ আর এখানে ‘কাকা’ বলতে তিনি অমিত শাহকেই বোঝাতে চেয়েছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা ৷
