
আইজল (মিজোরাম), ১৯ জুন : মিজোরামে আশ্রিত মেইতেইদের নিরাপত্তা, পর্যাপ্ত স্বাস্থ্য ও আহার পরিষেবার পাশাপাশি কুকিদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে মুখ্যমন্ত্ৰী জোরামথাঙ্গার কাছে আবেদন জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
মণিপুরে চলমান সহিংসতার জেরে মিজোরামে গিয়ে আশ্রয় নিয়েছেন মণিপুরের বাসিন্দা মেইতেই এবং কুকি, উভয়ের জনগোষ্ঠীর ২০ হাজারের বেশি মানুষ। তাই বিবদমান উভয় জনগোষ্ঠীয় মানুষ যাতে মিজোরামে সৌহার্দ্যপূর্ণ ভাবে বসবাস করেন তা নিশ্চিত করতে গতকাল রবিবার বিকালে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং।
আজ সোমবার সরকারি এক সূ্ত্র এ খবর জানিয়েছে বলেছে, এই অঞ্চলে মণিপুর থেকে আগত আশ্রিতদের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। এদিকে নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে এক পোস্ট করে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সাথে তাঁর কথোপকথনের বিশদ উল্লেখ করেছেন। মণিপুরে উদ্ভূত সমস্যা সমাধান এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা ও পদক্ষেপ তিনি নেবেন বলে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেনকে প্রতিশ্রুতি দিয়েছেন।
সূত্রটি জানিয়েছে, দুই মুখ্যমন্ত্রীর টেলিফোন কথোপকথনের সময় মণিপুরের বীরেন সিং মিজোরামের জোরামথাঙ্গার হস্তক্ষেপ চেয়ে তাঁর রাজ্যে (মণিপুর) চলমান সহিংসতা মোকাবিলায় সহায়তা চেয়ে একটি শান্তিপূর্ণ সমাধানের আশা ব্যক্ত করেছেন।
বীরেন সিঙের অনুরোধে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা তাঁকে আশ্বস্ত করেছেন, মিজোরাম সরকার চলমান সহিংসতার জন্য গভীরভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি প্রশমিত করতে ইতিমধ্যেই তিনি পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করছেন। এছাড়া মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা সমস্যার সমাধানে মণিপুর সরকার এবং কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপের জন্য তাঁর সমর্থন জানান।
তিনি জোরের সঙ্গে আশ্বস্ত করেছেন, মিজোরামের জনগণ মেইতেই সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করে। তাছাড়া সরকার এবং রাজ্যের এনজিওগুলি উভয়ই শান্তি, এবং নিরাপত্তা বজায় রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। জোরামথাঙ্গা নাকি বীরেন সিংকে আশ্বস্ত করেছেন, মিজোরামে বসবাসকারী মেইতইদের মধ্যে উদ্বেগ ও ভয় দূর করার প্রয়াস তিনি চালিয়ে যাচ্ছেন। যতক্ষণ তাঁরা মিজোরামে রয়েছেন ততক্ষণ তাঁদের ভয় পাওয়ার কিছু নেই, আশ্বাসবাণী মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার। তিনি মেইতেই সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে তাঁদের শান্তিপূৰ্ণ সহাবস্থানের জন্য অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
