
পূর্ব মেদিনীপুর, ৪ এপ্রিল : পঞ্চায়েত নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলের নিচুস্তরের কর্মীদের সতর্ক করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার দীঘার হেলিপ্যাড ময়দানে কর্মীসভা থেকে তৃণমূলনেত্রী সাফ বলেন, “দলের টিকিট না পেলে দয়া করে বিজেপির কথায় নির্দল হয়ে দাঁড়িয়ে পড়বেন না।” তিনি এদিন স্পষ্ট করে দেন, তাঁরা পঞ্চায়েতস্তরে ভাল লোক চান। অর্থাৎ প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভাবমূর্তিকেই প্রধান্য দেওয়া হবে, সেটা কার্যত স্পষ্ট করে দিয়েছেন মমতা।
আবার একই সঙ্গে দলের গোষ্ঠীকোন্দল নিয়েও সতর্ক নেত্রী। তাঁর কথায়, “দলের টিকিট একজনকেই দেওয়া যায়। তাতে কেউ টিকিট না পেলে দয়া করে বিজেপির কথায় নির্দল হিসাবে দাঁড়িয়ে যাবেন না। সবাই টিকিট পাবে না। দল আপনাদের সবার জন্য কোনও না কোনও ব্যবস্থা করে দেবে। সেটা দলের দায়িত্ব।” মমতার বার্তা স্পষ্ট, টিকিট না পেলেও যোগ্য নেতাদের বঞ্চিত করা হবে না। একই সঙ্গে দলের উঁচু পদে থাকা কর্মীদেরও সতর্ক করে দিয়েছেন তৃণমূল নেত্রী। বুঝিয়ে দিয়েছেন, দলের উঁচু পদে থাকা কর্মী সমর্থকদেরও এবার একটু হাঁটাচলা করতে হবে।
