
কলকাতা: নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকে ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি। এই বৈঠক থেকেই লোকসভা ভোটকে পাখির চোখ করে দলের কর্মীদের চাঙা করার বার্তা দেন দলনেত্রী।
একইসঙ্গে দলের পরবর্তী কর্মসূচিও ঠিক করে দেন তৃণমূলের সভানেত্রী। বঞ্চিতদের লড়াই করার ডাক দিয়েছেন তিনি। মমতার কথায়, “১০০ দিনের টাকা দাও নয় বাংলা থেকে বিদায় নাও। ২৮, ২৯, ৩০ নভেম্বর আম্বেদকরের মূর্তির নিচে দু’ঘণ্টা করে ধরনা দেবেন। ২ এবং ৩ ডিসেম্বর বুথে বুথে মিছিল করবেন। ছাত্র-যুব-তপশিলি,রাজবংশী সবাই মিলে একসঙ্গে বুথে বুথে মিছিল।”
রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে ডিসেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে দিল্লি যাওয়ার ডাক দিয়েছেন মমতা। জানিয়েছেন, “ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সংসদ চলবে। আমি দিল্লি যাব। সব সাংসদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সময় চাইব। সময় দিলে ভালো। না হলে রাস্তা, রাস্তা দেখাবে। যদি আমাদের পেটায় পেটাবে।”একইসঙ্গে তাঁর হুঙ্কার, “অনেক মার খেয়েছি সিপিএমের কাছে। ওটা আমাদের শক্তি বাড়ায়।”
