
ধূপগুড়ি, ২৫ জুলাই: মঙ্গলবার ভোরে কলকাতার পিজি হাসপাতালে প্রয়াত হলেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। ফুসফুসজনিত সমস্যা নিয়ে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬১ বছর।
দলীয় নেতার প্রয়াণে শোক জানিয়ে টুইট করেন শুভেন্দু অধিকারী। তাঁর আত্মার শান্তি কামনা করেন বিরোধী দলনেতা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজ্য বিজেপির কার্যালয়ে নিয়ে যাওয়া হবে বিধায়কের মরদেহ। সেখান থেকে সকাল ১১টায় বিধানসভায় নিয়ে যাওয়া হবে। সেখানে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিধায়করা শ্রদ্ধা জানাবেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে পৈতৃক নিবাসে। আজ সন্ধ্যায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।
ধূপগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন বিষ্ণুপদ রায়। গত রবিবারই ধূপগুড়ি থেকে কলকাতায় পৌঁছন। এমএলএ হোস্টেলেই ওঠেন তিনি। সোমবার থেকে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে। দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। পরিবার সূত্রে খবর, দুপুর ১টা নাগাদ বিষ্ণুপদ রায়ের শ্বাসকষ্ট শুরু হয়। সেখানে ছিলেন মনোজ টিগ্গা-সহ অন্যান্য বিধায়করা। সকলে মিলে সঙ্গে সঙ্গে নিয়ে যান পিজি হাসপাতালে।
জানা যায়, তাঁর ফুসফুসে সমস্যা রয়েছে। তাঁর ছেলে প্রদীপ্ত রায় জানিয়েছিলেন, বিধায়কের ফুসফুস ও পাঁজরের মাঝখানে বাতাস জমে রয়েছে। সে কারণে শ্বাস নিতে সমস্যা হচ্ছে। রাতে একটি অস্ত্রোপচারও করতে হয়। ছেলেই জানিয়েছিলেন, বাবা অপারেশনের পর স্থিতিশীল। কিন্তু মঙ্গলবার সকালেই এই খবর আসে।
