
বীরভূম, ১৩ ডিসেম্বর : মঙ্গলবার সিবিআইয়ের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলেছেন বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত মৃত লালন শেখের স্ত্রী রেশমা। গোটা বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালে সিবিআইয়ের বিরুদ্ধে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রেশমা।
এই মৃত্যুতে সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করছে তাঁর পরিবার। লালনের স্ত্রী রেশমা বিবি জানিয়েছেন, সোমবার দুপুরে লালনকে সঙ্গে নিয়ে বগটুই গ্রামে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেখানে সিবিআই আধিকারিকরা লালনকে হেফাজতে খুন করে দেওয়ার হুমকি দেন বলেও রেশমার অভিযোগ। তাঁর দাবি, সিবিআই আধিকারিকরা লালনের পাশাপাশি তাঁকেও মারধর করেছিলেন। তদন্তকারী সংস্থার আধিকারিকরা মামলা ‘সেটল’ করে দেওয়ার জন্য ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন বলেও রেশমার দাবি।
রেশমা দাবি করেছেন, সোমবার বিকেলে মোবাইলে আসা ফোনে তাঁরা জানতে পারেন লালনের মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে থাকাকালীন অবস্থায়। লালনের মৃত্যুকালীন অবস্থায় ছবিও পৌঁছেছে তাঁদের হাতে। এ নিয়ে সিবিআই তাঁদের কোনও খবর দেয়নি বলেও দাবি করেছেন রেশমা।
বগটুইকাণ্ডের তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন রেশমা। তাঁর কথায়, ‘‘আমাকে গতকাল সিবিআই বলে এসেছে, ‘তোর স্বামী তো শেষ। তুইও আত্মহত্যা করে নিস।’ এ কথা বলেছে সিবিআইয়ের বিলাস এবং ভাস্কর। আমাকে আরও বলেছে, ‘তোর জীবন শেষ করে দেব। তোর স্বামীকে আজ মারব। তোর ছেলেকেও উল্টো করে ঝুলিয়ে মারব।’ আমার সব শেষ হয়ে গেল।’’
রেশমার অভিযোগ, ‘‘আমাকেও বোলপুরে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছিল। কিন্তু এক জন বাধা দিয়েছিল।’’ সিবিআই তাঁদের দু’জনকে ‘ষড়যন্ত্র’ করে মারার চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেছেন রেশমা।
