
কলকাতা, ১৪ ডিসেম্বর : সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর হয়েছে রামপুরহাট থানায়। সেই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই।
রাজ্য পুলিশের এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ সিবিআই। প্রসঙ্গত, ওই এফআইআরে নাম রয়েছে সিবিআইয়ের ডিআইজি, এসপি সহ সাতজন আধিকারিকের। এর প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ সিবিআইয়ের। বুধবারই শুনানির আবেদন সিবিআইয়ের।
সিবিআইয়ের দাবি, এটা আত্মহত্যার ঘটনা। মামলার তদন্তকারী অন্য আধিকারিকদের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে বলে অভিযোগ সিবিআইয়ের। এর ফলে তদন্তকারী আধিকারিকরা খানিকটা চাপের মধ্যে রয়েছেন, দাবি সিবিআইয়ের। এনিয়ে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি।
আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি জানিয়েছেন, এদিন দুপুর ৩টায় শুনানি। সিবিআই হেফাজতে থাকাকালীন বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালনের রহস্যমৃত্যুতে এফআইআর দায়ের করেছে পুলিশ। তাতে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন, তোলাবাজির অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে সিবিআইয়ের ডিআইজি এবং এএসপি-সহ মোট ৭ জনের নামে।
এ ব্যাপারে অভিযুক্ত ৭ জনের মধ্যে রয়েছেন সুশান্ত ভট্টাচার্য নামে এক সিবিআই আধিকারিক। তিনি গরু পাচার মামলার তদন্তকারী আধিকারিক হিসাবে কাজ করছেন। ওই মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতারও করেছিলেন সুশান্তবাবু। রাজ্য পুলিশের সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাই কোর্টে গিয়েছে সিবিআই।
