
কলকাতা, ১২ মে : প্রয়াত বিশিষ্ট নজরুলগীতি শিল্পী কল্যাণী কাজী। শুধু সঙ্গীতশিল্পীই নন, তিনি ছিলেন কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ। নজরুলের পুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী ছিলেন কল্যাণী।
দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন কল্যাণী কাজী। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭।
মাত্র ১৮ বছর বয়সে তাঁর বিয়ে হয় কাজী অনিরুদ্ধর সঙ্গে ৷ সেই সূত্র ধরে পেয়েছেন নজরুলের সান্নিধ্যও৷ তাঁকে খুব কাছ থেকে দেখার সুযোগ ঘটেছিল শিল্পীর। তাঁর গায়কিতে বারবার সেই ছাপ ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এছাড়াও জীবনে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি।
নজরুল সম্পর্কে বহু অগ্রন্থিত কাহিনি সর্বসমক্ষে নিয়ে এসেছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দুই বাংলার সাংস্কৃতিক মহলও। জানা গিয়েছে মেয়ে বিদেশ থেকে ফেরার পর আগামীকাল শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর ৷
