
পুরুলিয়া, ২২ ডিসেম্বর : বেতন না পাওয়ায় কাজে যোগ না দিয়ে কর্মবিরতির ডাক দিল ঝালদা পুরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা। বুধবারই পুরসভার নির্বাহী আধিকারিকের মাধ্যমে পুরুলিয়া জেলাশাসককে উদ্দেশ্য করে পুরকর্মীরা লিখিতভাবে তাঁদের বকেয়া মেটানোর জন্য আবেদন করেন। একইসঙ্গে নভেম্বর মাসের বেতন না মেটানো হলে বৃহস্পতিবার থেকে পুরসভার সমস্ত দফতরের কর্মীরা কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন।
সেইমতো বৃহস্পতিবার সকাল থেকেই সাফাই কর্মী থেকে সমস্ত স্থায়ী ও অস্থায়ী কর্মীরা কাজে যোগ দেননি। পুরসভার গেটের তালা বন্ধই রয়েছে। পুরসভার চত্বরে এসে তাঁরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। এই কর্মবিরতির ফলে পুরসভার জরুরি পরিষেবায় প্রভাব পড়ে।
প্রায় দুমাসের বেতন তাঁদের দেওয়া হয়নি। তাই কাজ বন্ধ রেখে বিক্ষোভে নামেন পুরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা। জানা গিয়েছে, ঝালদা পুরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মী সংখ্যা প্রায় ২০০ জন। গত অক্টোবর মাসে পুরসভায় অনাস্থা প্রস্তাব আসার পর পুরপ্রধানের পদে কে বসবে তা নিয়ে আদালতে চলছে মামলা। যার নিস্পত্তি এখনও হয়নি। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশ মতো ঝালদা পুরসভার পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন জেলাশাসক।
সূত্রের খবর, নিকাশি স্বাস্থ্য ও আলো পরিষেবা নিয়ে চিন্তিত প্রশাসন থেকে শহরবাসী। সাফাই থেকে স্বাস্থ্য, আলো বিভাগের দায়িত্বে থাকা কর্মীদের বক্তব্য, আজ দু মাস হতে চলল বকেয়া বেতন না পাওয়ার ফলে তাঁরা চরম সমস্যায় পড়েছেন। যার জেরে এই কর্মবিরতির ডাক।
