বাঁকুড়া, ৫ এপ্রিল : এক ‘বায়ু সেনা কর্মীকে’ জখম ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করলেন গ্রামবাসীরা। বুধবার সকালে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। তাঁর নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া এলাকার একটি কারখানার সামনে আহত অবস্থায় ওই সেনা কর্মীকে পড়ে থাকতে দেখা যায়। এদিন সকালে কারখানার কর্মীরা সবে আসতে শুরু করেছিলেন কাজে। তাঁদেরই একজনের নজরে পড়ে কারখানার গেটের সামনে একটি প্যারাসুট পড়ে রয়েছে। তার কাছেই পড়ে রয়েছেন বায়ু সেনার পোশাক পরিহিত অবস্থায় এক ব্যক্তি অচৈতন্য অবস্থায়। তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বড়জোড়া থানার পুলিশ। আহত ওই ব্যাক্তির পোশাক দেখে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, তিনি বায়ু সেনার কর্মী। তবে পুলিশের তরফে এখনও স্পষ্ট করে জানানো হয় ওই ব্যক্তির নাম পরিচয়। বিস্তারিত জানার জন্য ইতিমধ্যেই কাঁকসা থানার মাধ্যমে পানাগড় সেনা ছাউনিতে খবর দেওয়া হয়েছে।
