
শিলিগুড়ি, ২৮ জুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। বুধবার সকাল ১০টা নাগাদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে পৌঁছয় রাজ্যপালের কনভয়। আগে থেকেই সেখানে জড়ো হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। রাজ্যপালের কনভয় পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই পড়ুয়ারা।
রাজ্যপালের উদ্দেশে চলে ‘গো ব্যাক’স্লোগানও। উল্লেখ্য, বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যের ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করার কথা রাজ্যপালের। গত সোমবারও বিশ্ববিদ্যালয়ে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যপাল।
