
কুলপি, ৫ ফেব্রুয়ারি : মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার কুলপির করঞ্জলী গ্রাম। বিবস্ত্র করে এক গৃহবধূ ও এক যুবককে একসাথে দড়ি দিয়ে গাছে বেঁধে চলল বেধড়ক মারধর। আর সেই মুহূর্তের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এরই জেরে শোরগোল পড়েছে কুলপি থানার করঞ্জলি এলাকায়। ঘটনার পর থেকে ঘরছাড়া হয়েছেন ওই নির্যাতিতা গৃহবধূ।
ওই নির্যাতিতা গৃহবধূর স্বামী ভিন রাজ্যে কাজ করেন। বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। গত মঙ্গলবার রাতে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে এক যুবকের সাথে অপ্রীতিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে দেখে ফেলে। এর পরেই ওই নির্যাতিতার শ্বশুরবাড়ির লোকজন ও এলাকার বাসিন্দারা ওই গৃহবধূ ওই যুবককে বিবস্ত্র করে একই সাথে গাছে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করেন। এমনকি সেই মুহূর্তের ভিডিও তুলে ভাইরাল করা হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূ ও যুবককে উদ্ধার করে কুলপি থানার পুলিশ। ঘটনার পর থেকে ঘরছাড়া রয়েছেন ওই নির্যাতিতা গৃহবধূ। অন্যদিকে এই ঘটনা সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে কুলপি থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে মোট ১২ জনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ। ধৃতদের রবিবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে।
