
কলকাতা, ১৭ মে : মঙ্গলবার দুপুরে এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার তাঁর সেই দাবি মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।
এ বিষয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন শুভেন্দুর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী। এ নিয়ে মামলা দায়ের করার অনুমতি দিল হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ। জরুরি ভিত্তিতে মামলাটি শোনার আর্জি জানিয়েছিলেন শুভেন্দুর আইনজীবী। বৃহস্পতিবারই মামলাটির শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গ্রামের রাস্তায় ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখা যায় দেহ। বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। কী করে এমন ঘটনা ঘটল, তা জানতে সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি তোলে বিজেপি। সাংবাদিক বৈঠকে বিরোধীদের দাবি শুনে মুখ্যমন্ত্রী জানান, এনআইএ তদন্তে তাঁর কোনও আপত্তি নেই। বিরোধীরা যদি চায় এনআইএ তদন্ত করতে পারে। এদিন এগরায় যান শুভেন্দু। সেখানে পৌঁছে স্বজনহারাদের সঙ্গে কথা বলেন তিনি। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে এগরার ঘটনায় এনআইএ তদন্তের দাবিও জানান বিরোধী দলনেতা।
অন্যদিক, সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। বুধবার দু’জনকে গ্রেফতার করেছে এগরা থানার পুলিশ। ধৃতদের নাম দেবসুন্দর জানা ও তপন দেবনা।
