
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার রাজ্যপালকে বেনজির আক্রমণ মহম্মদ সেলিমের। অমিত শাহের নির্দেশে সি ভি আনন্দ বোস বিজেপি নেতা হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর। শুধু তাই নয়, রাজভবন গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বলেও মন্তব্য করেছেন সেলিম।
বুধবার সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, 'এরাজ্যে বিজেপির কোনও পাতে দেওয়ার মতো নেতা নেই। তাই অমিত শাহর নির্দেশে রাজ্যপাল বিজেপির নেতা হওয়ার চেষ্টা করছেন। সেলিমের অভিযোগ, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন রাজ্যপালকে সেই জায়গাটা করে দিচ্ছে।রাজভবন গণতন্ত্রের বিরোধী। রাজভবন গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। মমতা রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করেছেন। রাজ্যপাল এসে কি সেই লাশের ওপর ধূপকাঠি জ্বালাবেন? সরকারের প্রধান হিসাবে তিনি মুখ্য সচিব,স্বরাষ্ট্র সচিব মুখ্যমন্ত্রীকে ডাকতে পারেন।আমরা চাই তিনি সেটাই করুন।'
রাজ্য়ের সাংবিধানিক প্রধান রাজ্যপাল। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে লাগামহীন সন্ত্রাসের সাক্ষী হয়েছে রাজ্য়। ভাঙড় থেকে ক্য়ানিং, একের পর এক মৃত্য়ু, মুড়ি মুড়কির মতো বোমাবাজি, গুলি, লাঠি-বাঁশ হাতে দুর্বৃত্তদের দাপাদাপি, লাগামহীন হিংসার মধ্য়েই সন্ত্রাসবিদ্ধ ভাঙড়, ক্য়ানিং, কোচবিহারের মতো জায়গায় ছুটে গিয়েছেন রাজ্য়পাল। এনিয়ে রাজ্য়পালকে একাধিবার আক্রমণ করেছেন মদন মিত্র। আর এবার একইভাবে সি ভি আনন্দ বোসের দিকে আক্রমণের তির ছুড়ে দিলেন সিপিএমে রাজ্য সম্পাদক।
