
রায়গঞ্জ, ১৪ ডিসেম্বর: বাড়ি থেকে বেরিয়েছিলেন ডিম কিনতে, বাড়ি ফিরল মৃতদেহ। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে গুলি চালিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। নিহত ব্যক্তির নাম দীনেশ সাহা। পেশায় তিনি সরকারি কর্মী। বুধবার সন্ধ্যার এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রায়গঞ্জের তুলসিপাড়া এলাকায় ভাড়া থাকতেন দীনেশ। বুধবার রাত পৌনে ৯টা নাগাদ কাছের একটি দোকানে ডিম কিনতে গিয়েছিলেন তিনি। দোকান থেকে বেরোনোর পর এক জন তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে যান। তার পরই দীনেশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ওই দুষ্কৃতী।
রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন দীনেশ। তড়িঘড়ি তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, নিহতের শরীরে একাধিক গুলির ক্ষত রয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এএসপি তন্ময় সরকার জানান, কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তা দ্রুতই তদন্ত করে বার করবে পুলিশ। এলাকায় থাকা সিসি থেকেও কিছু তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে পুলিশ।
