
নদিয়া, ১৭ ডিসেম্বর : “ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না'’, নদিয়ার সভা থেকে পঞ্চায়েত ভোটের আগে আর্জি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে প্রশ্ন, 'তৃণমূলের থেকে রানাঘাট মুখ ফিরিয়ে নিল কেন?'ভোট পুনরুদ্ধারই চ্যালেঞ্জ তৃণমূলের। তাই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বক্তব্য, কেন্দ্রের মোদী সরকার ইডি-সিবিআই লাগিয়ে তাদের কেশাগ্র স্পর্শ করতে পারেনি। তবে দলের কিছু লোকের জন্যই তৃণমূল রানাঘাটের মানুষের সমর্থন হারিয়েছে, সেটা মেনে নেন তৃণমূল নেতা।
এর পরই জেলার পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে একের পর এক বার্তা শোনা যায় অভিষেকের মুখে। তাঁর প্রশ্ন ছিল,' জেলার পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আপনারা খুশি? ভোট অবাধ-শান্তিপূর্ণ হবে, এটা আমার গ্যারান্টি।' সঙ্গে হুঙ্কার, 'যাঁরা বেইমানি-গদ্দারি করেছেন, সব হিসাব আছে।' পঞ্চায়েত ভোটের আগে কোনও ধরনের গাফিলতি যে বরদাস্ত করা হবে না, সে বার্তা নদিয়াতেও দিলেন অভিষেক। বলেন, 'চাকদায় তাতলা ১ পঞ্চায়েতের প্রধান সোমবারের মধ্যে ইস্তফা দিন। প্রধানকে জিজ্ঞাসা করব, শেষবার কবে পঞ্চায়েতে গিয়েছেন?' এর আগে কাঁথির জনসভায় কার্যত একসুর শোনা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়।
