
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চাকরির পরীক্ষায় বসতে আগ্রহী পড়ুয়া। তবে তাঁর স্বপ্নের পথে বাধ সাধল অর্থ। আর এই কথা কর্ণপাত হতেই সক্রিয় হয়ে উঠলেন মেদিনীপুরের পুলিশ সুপার। বই কিনে পড়ুয়াকে নতুনভাবে স্বপ্ন বুনতে শেখালেন তিনি।
১২তম জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুর শহরের কলেজ ময়দানে। আর সেখানেই জেলার বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। ওইদিন এই বিশেষ কর্মসূচিতে যোগ দেন ২০টি থানা এলাকা থেকে ১৬০ জন পড়ুয়া। তাঁদেরই মধ্যে একজন হলেন দাঁতনের থানার মকরামপুরের বাসিন্দা কালাচাঁদ শিট। ইংরেজি সাহিত্য নিয়ে পড়া তৃতীয় বর্ষের ছাত্র কালাচাঁদ।
কালাচাঁদ জানান, পড়াশোনা শেষে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান তিনি। কিন্তু, তার জন্য যে বই লাগবে তা তাঁর কাছে নেই। এমনকী, সেই বই কেনার সামর্থ্যও তাঁর নেই। এরপরেই তাঁকে বই কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার।
বই পড়ার আগ্রহ বাড়াতে এই উদ্যোগে অংশ নেওয়া বলে জানান মেদিনীপুরের পুলিশ সুপার। ধৃতিমান সরকার পড়ুয়াদের হাতে ২ হাজার টাকার গিফট ভাউচার তুলে দেন। প্রতিযোগিতামূলক বা অন্যান্য বই কেনার জন্য এই গিফট ভাউচার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
