
নরেন্দ্রপুর, ১২ নভেম্বর : বিদ্যুৎ বিল বকেয়ার ভুয়ো মেসেজ পাঠিয়ে অনলাইনে প্রতারণার চেষ্টা ও মোবাইল হ্যাক করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযোগকারী রানা গুপ্ত নামে এক যুবক। শনিবার সকালে তিনি নরেন্দ্রপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রানার বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে হলেও আপাতত তিনি নরেন্দ্রপুরে থাকেন। দিন দু'য়েক আগে তাঁর মোবাইলে বিদ্যুৎ বিল বকেয়া আছে বলে একটি মেসেজ আসে। বিল না মেটালে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে বলে জানানো হয়। রানার নিজের নামে কোনও ইলেকট্রিক সংযোগই নেই। তাই প্রথমে তিনি কিছুটা অবাক হয়ে যান। যে নম্বর থেকে মেসেজ এসেছে সেই নম্বরে ফোন করলে পেমেন্ট করতে বলে। পাশাপাশি ওটিপি চাওয়া হয়৷ নিজে প্রতারিত হচ্ছেন বুঝতে পারায় টাকা দিতে এমনকি ওটিপি শেয়ার করেন না রানা। তবে তিনি এগুলি না করলেও তাঁর মোবাইল হ্যাক করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনার বর্ণনা দিয়ে শনিবার সকালে এ বিষয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
