
কলকাতা : শনিবার থেকে বিজেপির সাংগঠনিক পূর্ব ক্ষেত্রের পঞ্চায়েত কর্মশালা হবে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। মূলত সেই কর্মশালার জন্য শুক্রবারই রাজ্যে আসছেন নড্ডা। যা সূচি রয়েছে, দিল্লি থেকে রাতের বিমানে কলকাতায় আসবেন তিনি। সূত্রের খবর, মূলত রাজ্য বিজেপিতে সমন্বয়ের চেষ্টায় হরেক বৈঠকের আয়োজন করা হয়েছে।
নড্ডার শনিবার কর্মশালার সূচনা করবেন। বাংলা ছাড়াও বিহার, ওড়িশা, ঝড়খণ্ড ও আন্দামান-নিকোবরের জেলা পরিষদ বা স্বশাসিত সংস্থায় নির্বাচিত বিজেপি প্রতিনিধিরা অংশ নেবেন এই কর্মশালায়। থাকবেন উত্তর-পূর্বের সব রাজ্যের একই স্তরের জনপ্রতিনিধিরাও।
দু’দিনের এই কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কোলাঘাটের কর্মশালায় উপস্থিত থাকার পাশাপাশি নড্ডা রাজ্য বিজেপির শীর্ষনেতাদের সঙ্গে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করতে পারেন। এ ছাড়াও কয়েকটি স্তরের আলাদা আলাদা বৈঠক করবেন তিনি।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, শনিবার মূলত কর্মশালা নিয়েই ব্যস্ত থাকবেন নড্ডা। পরের দিন রাজ্য বিজেপির সব ক’টি মোর্চার নেতৃত্বকে নিয়ে তিনি বৈঠকে বসতে পারেন। রাজ্য কোর কমিটির সঙ্গেও বৈঠক করবেন। সবারই লক্ষ্য, লোকসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেওয়া এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা।
রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে পরিষদীয় দলের তালমিল নিয়ে অতীতে অনেক প্রশ্ন উঠেছে। এখনও অনেকের এমন অভিযোগ রয়েছে, জেলা স্তরে সাংসদ বা বিধায়কদের না জানিয়ে বিভিন্ন কর্মসূচি হয়ে যায়। সম্প্রতি রাজ্য বিজেপি এই দূরত্ব কমাতে তৎপর হয়েছে। আগেই কয়েক জন সাংসদ, বিধায়ক রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এ বার নতুন পাঁচ জন বিধায়ককে জেলা সভাপতি করা হয়েছে। অতীতে ছিলেন মাত্র এক জন।
এ বার রাজ্য সফরে এসে রাজ্যের সব সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করতে পারেন নড্ডা। ফলে কোর কমিটির বৈঠক ছাড়াও শুভেন্দু বিধায়ক দলের নেতা হিসাবে উপস্থিত থাকবেন। থাকবেন দিলীপও। তবে সকলের সঙ্গে বৈঠক ছাড়াও আলাদা করে নড্ডা-দিলীপ সাক্ষাৎ হয় কি না তা নিয়েও জল্পনা রয়েছে গেরুয়া শিবিরে।
