
শিলিগুড়ি, ১২ এপ্রিল: কিছুদিন আগে শিলিগুড়ি পুর নিগম মহানন্দা নদীর পাশে নীরঞ্জন ঘাটের ডানদিক থেকে সূর্যসেন পার্ক পর্যন্ত রাস্তাটির নাম “মোহনবাগান অ্যাভিনিউ” বলে চিহ্নিত করা হয়েছিল। শিলিগুড়ি পুর নিগমের তরফে গত ২ এপ্রিল শিলিগুড়িতে সবুজ-মেরুন সচিব দেবাশীষ দত্ত সহ ক্লাবের কর্মসমিতির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে উদ্বোধন হয়েছিল সেই রাস্তার। এবার পালা লাল-হলুদের।
জানা গিয়েছে, আগামী ৩০ এপ্রিল ইস্টবেঙ্গল ক্লাবের নামে উদ্বোধন করা হবে নতুন রাস্তা। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ১ নং গেট থেকে বিকাশ ঘোষ সুইমিংপুল পর্যন্ত এই রাস্তাটি নির্বাচিত করা হয়েছে। ওই দিন উত্তরবঙ্গে উপস্থিত থাকার কথা ক্লাব শীর্ষকর্তা দেবব্রত সরকার থেকে শুরু করে লাল-হলুদের কর্মসমিতির অন্যান্য সদস্যরা।
শিলিগুড়ি পুরনিগমের এই ঘোষণা শিলিগুড়ির ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে এ নিয়ে দারুণ একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এখন থেকেই শিলিগুড়ি সেজে উঠছে লাল হলুদ পতাকায়।
