West Bengal

3 years ago

Howrah : দুর্ঘটনার কবলে দিঘাগামী বাস, ছিটকে পড়লেন যাত্রীরা

Bus Accident
Bus Accident

 

হাওড়া, ১৬ ফেব্রুয়ারি  : কোনা এক্সপ্রেসওয়ের খেজুরতলা সিগন্যাল মোড়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে দিঘাগামী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে দূরপাল্লার বাসটি পিছন থেকে সজোরে গিয়ে ধাক্কা মারে ডাম্পারে। বাসের চালক-সহ ১০ জন যাত্রী আহত হন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। কোনা ট্রাফিক গার্ডের পুলিশ ওই বাস ও ডাম্পারটিকে আটক করে। বাসের চালক-সহ আহত যাত্রীদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


জানা গিয়েছে, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে ছেড়ে দিঘা যাচ্ছিল বাসটি। বাসে থাকা যাত্রীরা জানান, গাড়ির গতি অনেকটাই বেশি ছিল। দ্রুতগতিতে যাওয়ার সময় সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে পিছন থেকে ধাক্কা মারে। এতটাই জোরাল ধাক্কা ছিল, বাসের সামনের অংশ কার্যত তুবড়ে যায়।


প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসে প্রায় ৬৫ জন যাত্রী ছিলেন। বাসটি ধাক্কা মারতেই বাসের ভিতর এদিক ওদিক ছিটকে পড়েন যাত্রীরা। শিশু, বৃদ্ধ সকলেই ছিলেন বাসের ভিতর। এরমধ্যে ১০ জন কমবেশি আহত হন। কারও মাথায়, কারও হাতে, পায়ে, নাকে, মুখে চোট লাগে। হাওড়া সিটি পুলিশের অ্যাম্বুল্যান্সে করে আহতদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর ডাম্পারটির চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলেও কর্তব্যরত ট্রাফিক পুলিশের তৎপরতায় তা আটক করা হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ কোনা এক্সপ্রেসওয়েতে যানচলাচল ব্যহত হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।

You might also like!