
আলিপুরদুয়ার, ২৭ এপ্রিল : 'ধর্ম বাড়িতে করব, ভোট দেব নিজের অধিকারের স্বার্থে। এটা ঠিক করুন', জনসংযোগ যাত্রার তৃতীয় দিনে আলিপুরদুয়ারের মঞ্চ থেকে এই বার্তা দেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
তৃণমূল সরকারের কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বিরোধী শিবিরের নেতাদের এদিনও একহাত নিয়েছেন অভিষেক। তাঁদের উদ্দেশে ডায়মন্ড হারবারের সাংসদের বার্তা, 'আমি তো ৬০ দিন রাস্তায় আছি, আপনার ছ'দিন থাকুন।'
একই সঙ্গে আলিপুরদুয়ারের মানুষকেও অভিষেকের আহ্বান, 'আপনাদেরও বুঝতে হবে, ২০১৯-র নির্বাচনে আলিপুরদুয়ারে আমরা আশানুরূপ ফল করিনি। আমরা লোকসভায় হেরেছি। লোকসভায় যাঁকে জিতিয়েছিলেন, তাঁর টিকি খুঁজে পাননি। পরবর্তীকালে বিধানসভা ভোটে, আলিপুরদুয়ারের মানুষ ৫টি বিধানসভা আসনেই বিজেপিকে জিতিয়েছে। কারণ কী? আপনারা হয়তো ভেবেছিলেন, আগামী দিনে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি মিলে আলাদা রাজ্য গড়বে বিজেপি এবং আপনারা অধিকার পাবেন। এখন আপনারা বুঝতে পারছেন, বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক।'
এর পরই তাঁর আর্জি, ভবিষ্যতে যেন নিজেদের অধিকারের কথা মাথায় রেখেই ভোট দেন আলিপুরদুয়ারের মানুষ। অভিষেকের স্পষ্ট অভিযোগ, অতীতে ধর্মের নামে বিভাজন করে ভোট আদায় করেছিল বিজেপি। কিন্তু রান্নার গ্যাসের দামবৃদ্ধি থেকে সার্বিক মূল্যবৃদ্ধি এই বিষয়গুলির কথা মাথায় রাখা দরকার, মনে করান তিনি।
অভিষেক মনে করান, এখন ভারতের নানা প্রান্তে স্রেফ ধর্মের নামে নৈরাজ্য, অশান্তির সার্বিক বাতাবরণ তৈরি হয়েছে। তাঁর দাবি, মানুষ ধর্মের কথা ভেবে ভোট দিয়েছিলেন। তাই দেশব্যাপী এখন সেই উন্মাদনা চলছে। মানুষ ১০০ দিনের কাজের টাকার কথা ভেবে ভোট দেননি, খেদ অভিষেকের। তাঁর কথায়, 'আপনার বাড়ির টাকা, মোদী সরকার আটকে রেখেছে'। তাই আর্জি, 'আগামী দিনে পঞ্চায়েতে ভোটে এমন প্রার্থী বাছুন, যে দিল্লির বঞ্চনার বিরুদ্ধে লড়তে পারে।'
