
কলকাতা, ১৫ ডিসেম্বর : আসানসোলে বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বলদান অনুষ্ঠানে দুর্ঘটনাকে ‘দুঃখজনক’ বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে তিনি বলেন, ‘‘কিছু ঘটনা ঘটে, যেটা কারও হাতে থাকে না। দুর্ঘটনা হয়েছে। দুঃখজনক ঘটনা ঘটেছে। না ঘটলেই ভাল হত।’’
প্রসঙ্গত, বুধবার পশ্চিম বর্ধমানের আসানসোলের রামকৃষ্ণডাঙায় এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। সেখানে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির উদ্যোগে একটি কম্বল বিতরণের কর্মসূচি ছিল। অভিযোগ, অপরিসর জায়গায় আয়োজিত ওই কর্মসূচিতে প্রচণ্ড ভিড়ের মধ্যে কম্বল নেওয়ার হুড়োহুড়ি শুরু হয়। তাতে পদপিষ্ট হয়ে একটি শিশু-সহ ৩ জনের মৃত্যু হয়।
