নাজিরা (অসম), ৬ এপ্রিল : শিবসাগর জেলার অন্তর্গত নাজিরার গেলেকিতল মরানগাঁওয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূৰ্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে একটি বসতবাড়ি। মরানগাঁওয়ের বাসিন্দা জনৈক বাবা চাউদাঙের বসতবাড়িতে সংঘটিত হয়েছে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা।
জানা গেছে, বুধবার মধ্যরাতে বাবা চাওদাঙ সপরিবারে বাড়ি সংলগ্ন জয়মতী স্মৃতি দিবস অনুষ্ঠানে গিয়েছিলেন। তখনই তাঁর বাড়িতে আগুনের সূত্রপাত হয়। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রের পাশাপাশি গৃহপালিত ছাগল, হাঁস-মুরগি সহ বহু সম্পত্তি পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সূত্ৰপাত এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি
ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী নিয়ে গেলেকি থানার পুলিশ মরানগাঁওয়ে বাবা চাওদাঙের বাড়িতে যায়। ততক্ষণে আগুনের করাল গ্রাসে সর্বস্বান্ত হয়ে যায় বাবা চাওদাঙের পরিবার।