
নকশালবাড়ি, ২২ নভেম্বর: নকশালবাড়িতে বাড়ির শৌচাগারে ঢুকে পড়ল একটি হরিণ। নকশালবাড়ি কেটুগাবুর জোত এলাকার ঘটনা। বুধবার সকালে হরিণটি কলাবাড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে কেটুগাবুর জোত এলাকায় ঢুকে পড়ে। হরিণটিকে দেখতে পেয়ে ধরতে ছুটোছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। শেষে লোকজনের ভিড় দেখে ছুটে গিয়ে স্থানীয় বাসিন্দা দুলাল সিংয়ের বাড়ির শৌচাগারে ঢুকে পড়ে হরিণটি।
সঙ্গে সঙ্গে শৌচাগারের দরজা বন্ধ করে স্থানীয়রা খবর দেন কলাবাড়ি বনাঞ্চলের কর্মীদের। বনকর্মীরা পৌঁছে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দফতরের তরফে জানানো হয়েছে, হরিণটি সুস্থ রয়েছে। তাড়াতাড়িই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। শৌচাগার থেকে হরিণটিকে অনেক কষ্টে পাকড়াও করেন বন দফতরের কর্মীরা।
