
পুরুলিয়া, ৪ জানুয়ারি : আদিবাসীদের চাক্কা জাম কর্মসূচির জেরে পুরুলিয়ার থমকে গেল গণপরিবহন ব্যবস্থা। আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পরগনা মহল’ বুধবার পুরুলিয়া জেলার ৮টি গুরুত্বপূর্ণ মোড়ে সকাল ৬ টা থেকে ১২ ঘণ্টার "চাক্কা জাম" কর্মসূচিতে সামিল হয়েছে। এর জেরে পথে যানবাহন আটকে পড়তে পারে, পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসতে পারবেন না, এই কথা মাথায় রেখে পুরুলিয়ার ‘সিধু কানু বিরসা’ বিশ্ববিদ্যালয় বুধবারের পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলি স্থগিত রেখেছে।
চলতি মাসের ২০ তারিখ ওই পরীক্ষাগুলি হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। উল্লেখ্য, দেউচা খনি প্রকল্প বাতিল, পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন-সহ বেশ কয়েকটি দাবিকে সামনে রেখেই এই অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
