
আসানসোল, ২৪ ডিসেম্বর : পুলিশের তৃতীয় নোটিশে সাড়া দিলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি। আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শনিবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। শনিবার সকালে তাঁর আবাসনে যায় পুলিশের একটি দল। সেখানে তাঁকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে বলে খবর।
এর আগে দু’বার আসানসোলের প্রাক্তন চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠিয়েছিল পুলিশ। কিন্তু তাঁর তরফে কোনও সাড়া মেলেনি। এর পর শুক্রবার আবার চৈতালির বাড়িতে যায় পুলিশ। তাঁদের কারও দেখা না পেয়ে বাড়ির দরজায় নোটিশ সাঁটিয়ে দিয়ে যায় পুলিশ। সেই নোটিশে সারা দিয়ে শনিবার পুলিশের মুখোমুখি হয়েছেন চৈতালি।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর শিবচর্চা ও কম্বল বিতরণের অনুষ্ঠান করা হয়েছিল আসানসোলে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি। সেই অনুষ্ঠানে কম্বল নেওয়ার জন্য শুরু হয় হুড়োহুড়ি। তাতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের৷
