
আসানসোল, ২৪ ডিসেম্বর : জেরার নামে চৈতালি তেওয়ারিকে পুলিশ মানসিক হেনস্তা করছে বলে দাবি করলেন বিজেপি কাউন্সিলরের স্বামী তথা গেরুয়া শিবিরের নেতা জিতেন্দ্র তেওয়ারির। তাঁর দাবি, তৃণমূলকে খুশি করতেই এসব করছেন পুলিশ কর্মীরা। আসানসোলের কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনজনের পদপিষ্ট হওয়ার ঘটনায় শনিবার টানা ২ ঘণ্টা চৈতালিকে জেরা করে পুলিশ। তদন্তকারীরা ফিরে যেতেই সাংবাদিক সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁর স্বামী জিতেন্দ্র।
জেরার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন চৈতালির স্বামী তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তিনি অভিযোগ করে বলেন, “জেরার নামে চৈতালি তেওয়ারিকে মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। আর এটা পুলিশ করেছে তৃণমূলকে খুশি করতে। আজ কিছু তৃণমূল নেতা দুটো করে বেশি রুটি খাবেন।” জিতেন্দ্রর দাবি, “হাই কোর্ট একমাত্র এই মামলার তদন্তকারী অফিসার বা আইওকে জেরা করার কথা বলেছিল। কিন্তু এদিন সাতজন আধিকারিক আমার ঘরে চৈতালিকে জেরা করেছে। যা হওয়া উচিত ছিল না।”
শনিবার সকাল দশটায় চৈতালি তেওয়ারিকে জেরা করতে ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে ঢোকেন পুলিশ কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময় গোটা অ্যাপার্টমেন্টকে কার্যত দূর্গে পরিণত করেছিল তারা। ঘিরে দেওয়া হয় লোহার ব্যারিকেড দিয়ে। জেরা চলাকালীন সাংবাদিকদের ফ্ল্যাটের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি। আদালতের নির্দেশ মাথায় রেখে ২ ঘণ্টা জেরা করে পুলিশ। তবে বেলা বারোটা নাগাদ জেরা করে বেরনোর সময় তদন্তকারী আধিকারিক বা অন্য আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি।
