West Bengal

3 years ago

Purulia : আবাস-বিক্ষোভে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে ধুন্ধুমার পুরুলিয়ায়

BJP workers clashed with police housing protest Purulia
BJP workers clashed with police housing protest Purulia

 

পুরুলিয়া, ১৯ ডিসেম্বর  : আবাস-বিক্ষোভে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে ধুন্ধুমার পুরুলিয়ার বেলকুঁড়ি এলাকায়। আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে সোমবার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়। কিন্তু ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

পুরুলিয়া ১ নম্বর ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েতের বেলকুঁড়ি ও চাকড়া গ্রামের বহু মানুষকে চক্রান্ত করে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত লাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তবালা মাহাতোকে বেশ কিছুক্ষণ ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ দেখানো হয় বিডিও অফিসেও। এদিন বিডিও-র কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নেয় বিজেপি। আর তা দিতে গিয়েই পুলিশি বাধার মুখে পড়েন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙেই এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের অভিযোগ, অনেকের নাম আগেই আবাস যোজনার জন্য নথিভুক্ত থাকলেও চক্রান্ত করা নতুন তালিকায় তা বাদ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, গরিব মানুষ হলেও নাম বাদ দেওয়ার জন্য অদ্ভুত সব কারণ দেখানো হয়েছে। যেমন অনেকের পাঁচ একরের বেশি জমি রয়েছে বলে রিপোর্ট দেওয়া হয়েছে। একই ভাবে পাকা বাড়ি না থেকেও তা দেখান হয়েছে। অবিলম্বে এই ভাবে নাম বাদ যাওয়া তালিকা বাতিল করে নতুন তালিকার দাবি করেন বিক্ষোভকারীরা।


You might also like!