
তমলুক, ৭ মে : পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি বুথ সভাপতি খুনে আরেক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। সব মিলিয়ে এখনও পর্যন্ত এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ।
গত সোমবার রাতে ময়নার বাকচা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। এনিয়ে তপ্ত হয়ে ওঠে এলাকা। শুরু হয় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। হত্যার পিছনে তৃণমূলকে দায়ী করে প্রতিবাদে নামে বিজেপি। মোট ৩৪ জনের নামে এফআইআর দায়ের করা হয়। ঘটনার আড়াই দিনের মাথায় মিলন ভৌমিক নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। ওই ব্যক্তি তৃণমূল নেতা বলে পরিচিত। শনিবার এই ঘটনায় জড়িত সন্দেহে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। গোপন অভিযানের ভিত্তিতে বাকচার গোরাবাগান এলাকা থেকে নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডল ধরা পড়ে পুলিশের জালে। এফআইআরে ১৭ এবং ২৪ নম্বরে নাম ছিল এই দু’জনের। নন্দন ও সুজয়ও এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। পুলিশের অভিযোগ, তাঁরা জড়িত ছিল বিজয়কৃষ্ণ ভুঁইঞার হত্যাকাণ্ডে।এরপর রবিবার সুব্রত মণ্ডল নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। সে এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। তার নাম নেই এফআইআরে। ধৃতদের জেরা করে সুব্রতর খোঁজ পাওয়া গিয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। তাকে রবিবারই আদালতে তোলা হবে।
