
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিএএ প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা কেন বিজেপির জন্য গুরুত্বপূর্ণ, তাও বললেন তিনি।
কেন্দ্রীয় গ্রন্থাগারের ভাষা ভবনে শাহ্ বলেন, দেশের সব রাজ্যেই বিজেপির সরকার তৈরি করা তাঁদের লক্ষ্য। কিন্তু বাংলা এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরির অর্থ অনুপ্রবেশকারীদের ঢোকা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া। অমিত শাহের কথায়, অনুপ্রবেশকারীদের ‘সিল’ করে দেওয়া।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলায় বিজেপি সরকার তৈরি হওয়ার অর্থ গরুপাচার বন্ধ হয়ে যাওয়া। শরণার্থীদের সিএএ-এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে দেওয়া।
সিএএ প্রসঙ্গে মমতাকে আক্রমণ করে শাহ্ বলেন, "দিদি বেশ কয়েক বার আমাদের শরণার্থী ভাইদের বিপথে চালনা করছেন। তিনি সিএএ সংক্রান্ত আইন তৈরি করেও থমকে যাওয়া নিয়ে কথা বলেন। আজ আমি আপনাদের সবার সামনে বলে যাচ্ছি, সিএএ এই দেশের আইন। একে কেউ রুখতে পারবে না। সবাই নাগরিকত্ব পাবেন।"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শরণার্থীদের ধর্মান্তরিত করার হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের মান-সম্মান এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব সমস্ত হিন্দুস্তানীর। তাই সিএএ চালু হবেই।
উল্লেখ্য, ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারপর্বে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল বিজেপি। ২০১৯ সালে বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর সংসদের উভয়কক্ষে পাশ হয়েছিল নাগরিক সংশোধনী বিল (সিএবি)। তার পর চার বছর কেটে গিয়েছে। কিন্তু এখনও এই বিষয়ে রুল তৈরি করা হয়নি।
