
উত্তর ২৪ পরগণা, ১৪ জানুয়ারি : এলাকায় তাঁর পরিচিতি তৃণমূল সমর্থক হিসাবে। সেই শিবম রায়ের বিরুদ্ধেই উঠেছে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি চলাকালীন বিজেপির এক মণ্ডল সভাপতির গালে সপাটে চড় মারার অভিযোগ। শিবমের এই কাণ্ডে ক্ষমাপ্রার্থী তাঁর পরিবারের সদস্যেরা।
শনিবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের নীলগঞ্জের সাইবনা এলাকায় চলছিল ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। ‘দিদির দূত’ হিসাবে এলাকায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। কর্মসূচি চলাকালীন আচমকা স্থানীয় বাসিন্দা সাগর বিশ্বাসের গালে সপাটে চড় মেরে বসেন শিবম। সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই দানা বাঁধে বিতর্ক। এ নিয়ে দুঃখপ্রকাশ করেন মন্ত্রী। তিনি এ-ও জানান, সাগরের গালে শিবমের চড় মারার ঘটনা তিনি নিজের চোখে দেখেননি। তবে তাতে পরিস্থিতি আয়ত্তে আসেনি। ওই ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর-বারাসত রোডে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকেরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা। পরে প্রকাশ্যে আসে সাগরের রাজনৈতিক পরিচয়। জানা যায়, আক্রান্ত সাগর বিজেপির নীলগঞ্জ মণ্ডলের সভাপতি। অবরোধকারীদের নেতৃত্বে থাকা স্থানীয় বিজেপি নেতা পিকলু শর্মা অভিযোগ করেন, ‘‘এলাকার নন্দদুলাল মন্দিরের সংস্কার নেই। জলের ব্যবস্থা নেই। তা নিয়ে আজ সাধারণ মানুষ ক্ষোভের কথা প্রকাশ করে। তার মধ্যে মন্দির কমিটিতে থাকা সাগরও ছিলেন। তিনি মন্ত্রীকে বিষয়টি জানাতে গেলে তৃণমূলের দুষ্কৃতী বলে পরিচিত শিবম তাঁর উপর চড়াও হয়। তার প্রতিবাদে আমাদের অবরোধ। আমরা চাই, ওকে গ্রেফতার করা হোক। সাগর বিজেপি কর্মী। উনি নীলগঞ্জের মণ্ডল কমিটির সদস্য।’’ বিষয়টি নিয়ে ঘনিয়েছে বিতর্ক। রাজনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। শিবমের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে বলেও বিজেপি সূত্রে জানা গিয়েছে।
