
বাঁকুড়া, ২ জানুয়ারি : রবিবার রাতে ধান বোঝাই লরি উলটে মৃত্যু হয়েছে ৪ জনের। বাঁকুড়ার বিষ্ণুপুর থানা এলাকার জন্তা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। লরিটির সামনের চাকা ফেটে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন, রটে মল্লিক, বুড়ো মল্লিক, সুরজিৎ মাণ্ডি ও গফুর মির্জা। প্রত্যেকের বাড়ি পূর্ব বর্ধমানের রায়না থানা এলাকার বহরমপুর গ্রামে। দুর্ঘটনায় গুরুতর আহত আজহার মির্জা ও উজ্জ্বল মল্লিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, তালডাংরার বিবড়দা থেকে একটি ধান বোঝাই লরি বিষ্ণুপুরের জয়কৃষ্ণপুর-পাত্রসায়ের রাস্তা দিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল। জন্তা মোড়ের কাছে লরির সামনের চাকা বিকট শব্দে ফেটে যায়। চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় লরিটি। ধানের বস্তার উপর বসে থাকা শ্রমিকদের ৬ জন নীচে চাপা পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ৬ জনকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ২ জন চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করেছে পুলিশ। লরির চালক পলাতক। ঘটনার তদন্ত চলছে।
