
চালসা, ১৪ সেপ্টেম্বর: সাতসকালে জলপাইগুড়ি জেলার দক্ষিণ ধুপঝোরার একটি রিসোর্টে ১৫ ফুটের অজগর উদ্ধার হল। অজগরটিকে স্পর্শ করে দেখেন অভিনেতা তথা রাজনৈতিক সোহম চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে ওই রিসর্টের কর্মীরা প্রথম অজগরটিকে দেখতে পান। রিসর্টের পাশে থাকা চা বাগান থেকে অজগরটি সেখানে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তাছাড়া রিসর্টের পাশেই রয়েছে গরুমারা জঙ্গল। ওই রিসর্টেই ‘প্রধান’ সিনেমার শুটিংয়ের জন্য রাত্রিযাপন করছেন অভিনেতা দেব, সোহম সহ অন্যরা।
এদিন অজগরের খবর চাউর হতেই সোহম সেখানে এসে অজগরটিকে হাত দিয়ে ছুঁয়ে দেখেন। নিজ চোখে এত কাছ থেকে অজগর দেখে উচ্ছ্বসিত অভিনেতা। খবর পেয়ে ধুপঝোরা বিট অফিস থেকে বনকর্মীরা সেখানে যান। বনকর্মীরা অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান। পরে সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
